
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন এই দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস ও আফিফ হোসেন। তবে দল থেকে বাদ পড়েছেন জাকের আলী ও নুরুল হাসান সোহান।
গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলে থাকা তিন ক্রিকেটার নুরুল হাসান সোহান, জাকের আলী ও শামীম হোসেন এবার জায়গা হারিয়েছেন। এছাড়া ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না দলের অন্যতম দুই নির্ভরযোগ্য পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। দলে নতুন করে ডাক পেয়েছেন লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও গতিময় পেসার নাহিদ রানা।
২০২৪ সালের ডিসেম্বরে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন আফিফ। ২০২০ সালে অভিষেকের পর ৩৪ ওয়ানডেতে তার সংগ্রহ ৬৬৭ রান। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের হয়ে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই প্রতিযোগিতায় ৩ ইনিংসে ৬৪ গড়ে ১২৮ রান করার পাশাপাশি একটি দুর্দান্ত সেঞ্চুরিও হাঁকান এই বাঁহাতি।
অন্যদিকে লিটন সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডেতে ফর্মহীনতায় ভুগলেও টি-টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যন্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি এবং টেস্টে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে নিজের প্রত্যাবর্তনের দাবি জোরালো করেন তিনি।
আগামী ১১ মার্চ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ।
বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]