
বিয়ে সব নবীর আদর্শ। শুধু ইয়াহইয়া (আ.) বিয়ে করেননি। বিয়ের মাধ্যমে মানুষের জীবনে নেমে আসে রহমত ও বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে ঈমানের পূর্ণতা বলেছেন।
মহান আল্লাহ বিয়েকে মানবজাতির প্রতি অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে বলেন, আর তার নিদর্শনাবলির মধ্য থেকে এটি একটি যে, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীকে, যাতে তোমরা তাদের নিকট শান্তি লাভ করতে পার এবং তোমাদের (স্বামী-স্ত্রীর) পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে, সেসব লোকের জন্য, যারা চিন্তাভাবনা করে। (সুরা রুম, আয়াত: ২১)
আজ আমরা জানব, বিয়ের আগে ইসলামের যে ৫ নির্দেশনা জানা আবশ্যক:
বিয়ের ক্ষেত্রে ইসতেখারা করা
বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামি শরিয়তে গুরুত্বপূর্ণ সব বিষয়ে ইসতেখারা করতে বলে। ফলে এ ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতেখারা করতে বলেছেন। হজরত আবু আইয়ুব আনসারি (রা.)-কে তার বিয়ের বিষয়ে কীভাবে ইসতেখারা করবে তা শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন: প্রথমে তোমার প্রস্তাব গোপন রাখো, অতঃপর উত্তমরূপে অজু কর এবং যে কয় রাকাত সম্ভব নামাজ পড়, অতঃপর আল্লাহর প্রশংসা করে বলো--
اللّهُمّ إِنّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلّامُ الْغُيُوبِ، فَإِنْ رَأَيْتَ فِيَ فُلَانَةَ - وَتُسَمِّيهَا بِاسْمِهَا - خَيْرًا لِي فِي دِينِي وَدُنْيَايَ وَآخِرَتِي فَاقْدُرْهَا لِي، وَإِنْ كَانَ غَيْرُهَا خَيْرًا لِي مِنْهَا فِي دِينِي وَدُنْيَايَ وَآخِرَتِي فَاقْضِ لِي ذَلِكَ
হে আল্লাহ! আপনি সক্ষম আমি অক্ষম। আপনি জানেন আমি জানি না। আপনি গায়েব তথা অদৃশ্য বিষয়ে সম্যক অবগত; আপনি যদি অমুককে (পাত্রীর নাম নেবে) আমার দ্বীন-দুনিয়া এবং আখেরাতের ক্ষেত্রে কল্যাণকর মনে করেন তাহলে তাকে আমার জন্য সহজ করে দিন। আর যদি তার থেকে অন্য কেউ আমার দ্বীন-দুনিয়া ও আখেরাতের ক্ষেত্রে কল্যাণকর হয় তাহলে আমার জন্য তাই ফয়সালা করুন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪০৪০; মুসনাদে আহমাদ, হাদিস: ২৩৫৯৬)
এ বর্ণনায় দোয়া এ ভাষায়ই এসেছে। তবে প্রসিদ্ধ হলো--
اللّهُمّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ...
যা সহিহ বুখারিসহ হাদিসের বিভিন্ন কিতাবে রয়েছে।
পাত্রী দেখে নেয়া
ইসলামে বিয়ের আগে পাত্রী দেখে নেয়ার অনুমতি রয়েছে। হজরত মুগিরা বিন শোবা (রা.) বলেন, ‘আমি এক নারীকে বিয়ের প্রস্তাব দিলাম। এটা শুনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি তাকে দেখেছ?’ আমি বললাম, ‘না, দেখিনি।’ তখন তিনি বললেন, ‘তাকে দেখে নাও।’ তোমার এই দর্শন তোমাদের দাম্পত্যজীবনে প্রণয়-ভালোবাসা গভীর হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’ (তিরমিজি: ১০৮৭)
তবে আমাদের সমাজে পাত্রী দেখার যে প্রচলন তা শরিয়তসম্মত নয়। ইসলামি শরিয়তে শুধু পাত্রই শর্ত সাপেক্ষে পাত্রীকে দেখতে পারবে। সেই শর্তগুলো হলো: এক. পাত্রী দেখার সময় পাত্রপক্ষের কোনো পুরুষ, যেমন: বাপ-ভাই, বন্ধুবান্ধব প্রমুখ কেউ থাকতে পারবে না। তাদের পাত্রী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ ও কবিরা গুনাহ। দুই. পাত্র-পাত্রী একে অন্যের সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু একে অন্যকে স্পর্শ করতে পারবে না। খবরাখবর নেয়ার পর বিয়ে করতে মনস্থির করলে পাত্রীকে দেখে নেয়া উচিত। উল্লিখিত হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, পাত্রীকে লুকিয়ে দেখে নেয়াই উত্তম। ফকিহরা আনুষ্ঠানিকভাবে দেখাকে নিরুৎসাহিত করেছেন।
পাত্র-পাত্রী নির্বাচনে দ্বীনদারিকে প্রাধান্য দেয়া
ইদানীং পাত্র-পাত্রী নির্বাচন কত কঠিন বিষয়; এক দিক মেলে তো আরেক দিক মেলে না। তাই এ ক্ষেত্রে হাদিসের শিক্ষা হলো: যখন কোনো পাত্র বা পাত্রীর মাঝে দ্বীনদারি পেয়ে যাও তো বুঝে নাও এখানে অগ্রসর হওয়া যেতে পারে। এমনকি যদি অন্যান্য বিষয় অতটা পছন্দ না-ও হয়। একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
إِذَا جَاءَكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَأَنْكِحُوهُ، إِلّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ
তোমাদের নিকট যদি এমন কারো প্রস্তাব আসে, যার দ্বীনদারি এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট তাহলে তার সাথে বিয়ে সম্পন্ন করে ফেল। অন্যথায় জগতে ফিতনা ও বিশৃঙ্খলা হবে।
এ কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন--
يَا رَسُولَ اللهِ، وَإِنْ كَانَ فِيهِ؟ قَالَ: إِذَا جَاءَكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَأَنْكِحُوهُ، ثَلَاثَ مَرّاتٍ
হে আল্লাহর রাসুল! যদি তার মধ্যে অন্য কোনো ত্রুটি থাকে? জবাবে আল্লাহর রাসুল তিনবার বললেন:
إِذَا جَاءَكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَأَنْكِحُوهُ
তোমাদের নিকট যদি এমন কারো প্রস্তাব আসে, যার দ্বীনদারি এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট তাহলে তার সাথে বিয়ে সম্পন্ন করে ফেল। (জামে তিরমিজি: ১০৮৫)
বিয়ের ক্ষেত্রে কোনো বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হবে। সৌন্দর্য! তা তো দুদিনের। সম্পদ! তা তো যখন-তখন হাতছাড়া হয়ে যেতে পারে। এ জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন– তুমি দ্বীনদারিকে প্রাধান্য দাও। তিনি বলেছেন:
تُنْكَحُ المَرْأَةُ لِأَرْبَعٍ: لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ، تَرِبَتْ يَدَاكَ
নারীকে বিয়ে করা হয় চারটি জিনিস দেখে। তার সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে। রূপ দেখে এবং দ্বীনদারি দেখে। (হে মুমিন!) তুমি দ্বীনদার নারী বিয়ে করে ধন্য হয়ে যাও। (বুখারি: ৫০৯০)
পরস্পরে আখেরাতের সহযোগী হওয়া
এমন পাত্র-পাত্রী পছন্দ করতে হবে যারা উভয়ে উভয়ের আখেরাতের সহযোগী হবে। তাই মুমিন দম্পতি দুনিয়ার ক্ষেত্রে যেমন একে অপরের সহযোগী ও কল্যাণকামী তেমনি আখেরাতের ক্ষেত্রেও। এটাই মুমিন দম্পতির জীবনের স্বাভাবিক ধারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবি হজরত মুআয (রা.) কে বলেন,
يَا مُعَاذُ قَلْبًا شَاكِرًا، وَلِسَانًا ذَاكِرًا، وَزَوْجَةً صَالِحَةً تُعِينُكَ عَلَى أَمْرِ دُنْيَاكَ وَدِينِكَ خَيْرُ مَا اكْتَسَبَهُ النّاسُ
হে মুআয, মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো, শোকরকারী অন্তর, জিকিরকারী জিব, সালিহা (দ্বীনদার) স্ত্রী, যে তাকে দুনিয়া ও দ্বীনের ক্ষেত্রে সহযোগিতা করবে। (মাযমাউয যাওয়ায়েদ: ৭৪৩৮)
পরস্পরের কল্যাণভাবনা
এমন পাত্র-পাত্রী নির্বাচন করা যারা পরস্পর পরস্পরের কল্যাণকামী হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
رَحِمَ اللهُ رَجُلًا قَامَ مِنَ اللّيْلِ فَصَلّى وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلّتْ، فَإِنْ أَبَتْ رَشّ فِي وَجْهِهَا الْمَاءَ، رَحِمَ اللهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللّيْلِ فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَا فَصَلّى، فَإِنْ أَبَى رَشّتْ فِي وَجْهِهِ الْمَاءَ
আল্লাহ রহমত করুন ওই স্বামীর প্রতি, যে রাতে জাগ্রত হয়ে নামাজ পড়ে এবং স্ত্রীকেও জাগ্রত করে; উঠতে না চাইলে চেহারায় পানি ছিটিয়ে হলেও ওঠানোর চেষ্টা করে। আল্লাহ রহমত করুন ওই স্ত্রীর প্রতি, যে রাতে জাগ্রত হয়ে নামাজ পড়ে এবং স্বামীকে জাগিয়ে দেয়; সে উঠতে না চাইলে চেহারায় পানি ছিটিয়ে ওঠানোর চেষ্টা করে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস ১৩৩৬)
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]