
চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের কৌশলগত অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এই বন্দরের পরিচালনা বা ব্যবস্থাপনা নিয়ে কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক লাভ-ক্ষতি, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি প্রভাবের পূর্ণাঙ্গ মূল্যায়ন অপরিহার্য। জনগণকে অন্ধকারে রেখে কিংবা পর্যাপ্ত জাতীয় আলোচনা ও স্বচ্ছতা নিশ্চিত না করে এ ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি করা গ্রহণযোগ্য নয়।
নেতৃদ্বয় বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির শর্তাবলি, সম্ভাব্য আর্থিক সুবিধা, রাষ্ট্রের দায়বদ্ধতা এবং জাতীয় স্বার্থের সুরক্ষা সম্পর্কে জনগণের সামনে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। চুক্তির স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকলে তা উপেক্ষা করে চুক্তি এগিয়ে নেওয়া উচিত নয়। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটার অভিযোগ উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। কোনো প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জাসদের নেতৃদ্বয় চট্টগ্রাম বন্দরের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সম্পাদিত চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ, জনস্বার্থ ও অর্থনৈতিক সার্বভৌমত্ব নিশ্চিত করে নতুন করে উন্মুক্ত পর্যালোচনা এবং জাতীয় পর্যায়ে আলোচনা করতে হবে। বন্দর ব্যবস্থাপনা ও উন্নয়নের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও কৌশলগত স্বার্থকে ঝুঁকির মুখে ফেলে।
নেতৃদ্বয় সরকারের প্রতি চুক্তির পূর্ণাঙ্গ দলিল ও সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ, বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগ তদন্ত এবং জাতীয় স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]