
রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সেই শূন্য আসনে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেত্রী শাহিনুর নার্গিসকে মূল্যায়নের দাবি জানিয়েছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
তৃণমূলের নেতাকর্মীরা দাবি করেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে শাহিনুর নার্গিসের ৩১ বছরের পথচলা। দলের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে যারা মাঠে সক্রিয় থেকেছেন এবং প্রতিকূল সময়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের রাজনৈতিক অবদান এখন বিবেচনায় নেয়ার সময় এসেছে ।
বিএনপির রাজনীতির সঙ্গে শাহিনুর নার্গিসের পথচলা শুরু হয় ১৯৯৫ সালে নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল কলেজ ছাত্রদলের মাধ্যমে। ১৯৯৭ সাল পর্যন্ত এই কলেজ কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এরপর তার বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতির সঙ্গে যাত্রা। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। ২০০২ সালে রোকেয়া হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ২০০৪ সালে সভাপতি নির্বাচিত হন শাহিনূর নার্গিস। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য পদে দায়িত্ব পান। ২০১২ সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক ও ২০১৫ সালে যুগ্ম সাধারণ সম্পাদক হন তিনি।
৫ আগস্টের আগে আওয়ামী লীগ ও এক-এগারো সরকারের প্রায় ১৭ বছরের শাসনামলে ৩৫টির বেশি মামলার আসামি হন শাহিনূর নার্গিস। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে সব মামলার আসামি হন। ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে মামলার ভুক্তভোগী একমাত্র ছাত্রী শাহিনূর নার্গিস।
বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন শাহিনূর নার্গিস। এর আগে সর্বশেষ ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি ছেড়ে ২০২০ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শিক্ষাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন তিনি।
নিজের রাজনৈতিক জীবন নিয়ে শাহিনূর নার্গিস বিবার্তাকে বলেন, ‘আমি রাজনীতি করেছি যখন ছাত্র ছিলাম তখন ছাত্রদের জন্য। এখন আমার রাজনীতিতে সেবা প্রদান হবে দেশের আপামর জনসাধারণের জন্য।’ ‘ছাত্ররাজনীতি করার সময় সবসময় মামলা-হামলার শিকার হয়েছি, এক-এগারোর আর্মি শাসনে রাজপথে জীবন বাজি রেখে সংগ্রাম করে নেত্রীকে মুক্ত করেছিলাম, তারেক রহমান গ্রেফতার হওয়ার পর গর্জে উঠেছিলাম, অসংখ্য রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হয়ে পালিয়ে ছিলাম দীর্ঘদিন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য কখনো পিছিয়ে যাইনি, দেশের মানুষের জন্য কাজ করে যাব।’
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, শাহিনূর নার্গিস দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। নানা প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় আদর্শ ও কর্মসূচির সঙ্গে থেকে রাজপথে সক্রিয় ছিলেন। দলের দুঃসময়ে যারা মাঠে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হলে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহিত হবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]