
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মহানগর শাখার সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনসহ আটজন নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হুজ্জাতুল ইসলাম সাঈদ, যিনি নিজেকে এনসিসির সহসাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।
বুধবার (২০ মে) চট্টগ্রাম আদালতের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হলে আদালত তা আমলে নেন এবং তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এনসিপির সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মঈনউদ্দিন। এই তালিকায় আরও রয়েছেন এনসিপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাত উল্লাহ আবির, জাতীয় ছাত্র শক্তির সংগঠক সাদিক আরমান, সাবেক যুগ্ম সদস্যসচিব সজীব ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হোসেন।
মামলার আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেছেন। এতে জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।
বাদী হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, সামাজিক মাধ্যমে করা পোস্টটির স্ক্রিনশট, লিংক ও ডিজিটাল ট্রেইল আদালতে জমা দেওয়া হয়েছে। আমি আশাবাদী যে ন্যায়বিচার পাব। আমাকে ব্যক্তিগতভাবে হেয় করার উদ্দেশ্যেই এসব পোস্ট করা হয়েছে। তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হবে বলে আমি আশা করি।
তিনি নিজেকে একজন ‘জুলাই নেতা’ হিসেবে উল্লেখ করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে প্রধান আসামি আরিফ মঈনউদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]