
সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি আজ আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম নগরে বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সারাদেশে যখন রাজনৈতিক অস্থিরতার কালবৈশাখী ঝড় বইছে, তখন প্রতিকূল পরিবেশেও চট্টগ্রামে আন্দোলনের ‘বসন্ত’ ধরে রাখা হয়েছে। এ জন্য তিনি চট্টগ্রামের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান অবস্থানের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারে আসার পর দলটি সংস্কারবিরোধী অবস্থানে চলে গেছে। তিনি প্রশ্ন তোলেন, আবু সাঈদ, মুগ্ধ ও চট্টগ্রামের সন্তান ওয়াসিম যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিলেন, বিএনপি আজ সেই আকাঙ্ক্ষা থেকে কেন পিছিয়ে আসছে?
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা অর্থ, শ্রম ও জেল-জুলুম সহ্য করে দলটিকে টিকিয়ে রেখেছিলেন, তারা এখন বঞ্চিত ও ব্যথিত। তাদের অনেকেই বর্তমানে এনসিপিতে যোগ দিতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে নীরব বিপ্লবের বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রকৃত সংস্কারপন্থি ও দেশপ্রেমিকদের এনসিপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে।
জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্দোলনে নারীরা অসামান্য বীরত্ব দেখালেও পরবর্তীতে তাদের যথাযথ মূল্যায়ন ও সংগঠিত করা সম্ভব হয়নি। নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যখনই ঢাকায় আন্দোলন থমকে যাওয়ার উপক্রম হয়েছে, তখনই চট্টগ্রাম থেকে তা নতুন গতি পেয়েছে।
বক্তব্যের শেষ দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হলে নাহিদ ইসলাম রাজনীতি ছেড়ে দেবেন।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]