লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, বিচার চাইল ঢাকা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০:৫৬
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, বিচার চাইল ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।


মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।


বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাস ও সহিংসতার দায়ে বাংলাদেশে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মীরা এ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। ওই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত মহলের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে।


এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে সরকার।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশে কিংবা বিদেশে গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে কোনো নাগরিকেরই সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com