ঢাকায় মহাসমাবেশে আসার পথে ২ গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১৮:১৫
ঢাকায় মহাসমাবেশে আসার পথে ২ গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশ নিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রামপুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েন ওই দুই সদস্য। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া গরমে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রামপুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।


মৃত সদস্যরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।


মহাসমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রামপুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি তাদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানান।


নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন, সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে।


সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com