
খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ৭টার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে তিনি পৌঁছান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
গত ৯ অক্টোবর খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হন শাহ আলম (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মহানগরীতে বিশেষ অভিযান শেষ করে রিকশাযোগে পুলিশ ক্লাবে ফিরছিলেন পরিদর্শক শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিপথ রোধ করে।
এ সময় তারা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কব্জির ওপর এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে পরিদর্শক শাহ আলম এভারকেয়ারে চিকিৎসাধীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]