
দেশে ডিমের উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য উৎপাদন খরচ কমানো, উন্নতমানের ডিম উৎপাদন এবং পোলট্রি শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। ভালো মানের পণ্য উৎপাদন করা গেলে দেশের চাহিদা পূরণের পর ডিম রপ্তানিও সম্ভব হবে।
পোলট্রি খাতের উৎপাদন খরচ কমাতে ফিডের দাম সহনীয় পর্যায়ে আনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
তরুণ উদ্যোক্তা ও নারীদের পোলট্রি খাতে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি নারীদের আয় বাড়ানো সম্ভব।
এ ছাড়া পোলট্রি খামারে বিদ্যুতের খরচ কমাতে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পোলট্রি শিল্পের সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]