সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩
সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এ কাজে র‌্যাব, ডিজিএফআই ও এসবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি উপস্থিত ছিলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে আসা রোগীদের একটি শ্রেণি বিভিন্ন ধরনের প্রলোভন বা ভুল তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়। এসব দালালের কার্যক্রম বন্ধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করে জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


তিনি বলেন, সরকারি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবা, খাবারের মানসহ সার্বিক বিষয়ে সরকার নজরদারি করছে। গত এক মাসে তিনি দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। অধিকাংশ হাসপাতালেই চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক পাওয়া গেছে বলে জানান তিনি। একই সঙ্গে রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিযোগ ও চিকিৎসাসেবার মান সম্পর্কেও তথ্য নেওয়া হচ্ছে।


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যেসব অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।


চিকিৎসকদের সময়ানুবর্তিতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী হাসপাতালে চিকিৎসকদের যথাসময়ে আসা-যাওয়া নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রমে বয়সসীমা, তথ্যের ঘাটতি ও বিভিন্ন কারণে কিছু শিশু বাদ পড়ে যাওয়ায় টিকাবঞ্চিত শিশুদের মধ্যে হাম দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সরকার মপ-আপ ক্যাম্পেইন পরিচালনা করছে। বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকাদানের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে চলতি মাসের শেষদিকে দেশব্যাপী বড় পরিসরে বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে।


তিনি জানান, সিলেটের হাওরাঞ্চলসহ ভৌগোলিকভাবে দুর্গম এলাকায় টিকা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। প্রতিটি উপজেলায় বিশেষ নজর দিয়ে মূল ক্যাম্পেইনের আগেই টিকাদান কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।


অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, জেলা পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে অনুমোদিত লেবার রুম নেই, সেগুলোও বন্ধ করা হচ্ছে।


অবৈধ চিকিৎসক, টেকনিশিয়ান বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে অস্ত্রোপচারসহ চিকিৎসা কার্যক্রম পরিচালনার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর মাত্র ছয় মাস হয়েছে। স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আরও কিছুটা সময় দিতে হবে।


পরিদর্শনকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহিদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com