
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস জানায়, বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ইরান কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ যাতায়াত সহজ করার বিষয়ে ইরান আন্তরিকভাবে উদ্যোগী। একই সঙ্গে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখার বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছে।
দূতাবাস আরও জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি নীতির কারণে সৃষ্ট উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে যে মানবিক ক্ষতি হয়েছে, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করছে।
বিবৃতিতে ইরান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব এবং অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। পাশাপাশি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে ইরানের অটল অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে হওয়া বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে দূতাবাস বলেছে, এই ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
ইরান বাংলাদেশের মধ্যপ্রাচ্য বিষয়ে ভারসাম্যপূর্ণ ও কূটনৈতিক অবস্থানেরও প্রশংসা করেছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকারের শোক প্রকাশ এবং সংসদে গৃহীত শোক প্রস্তাবের জন্য তারা কৃতজ্ঞতা জানায়। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানানো হয়।
এছাড়া আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেয়ার ক্ষেত্রে সহযোগিতার কথাও উল্লেখ করেছে দূতাবাস।
সবশেষে, কিছু গণমাধ্যমে ইরান সংক্রান্ত বক্তব্যের অংশবিশেষ ভুলভাবে উপস্থাপন ও পুনঃপ্রকাশ করা হয়েছে বলে দূতাবাস অসন্তোষ জানিয়ে সতর্ক করে। তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তথ্য বা মন্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানায় এবং ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]