সংসদে তথ্যমন্ত্রী
ঈদে সোয়া কোটি টাকার উপহার পেয়েছে ২ হাজার সাংবাদিক পরিবার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৮:২৬
ঈদে সোয়া কোটি টাকার উপহার পেয়েছে ২ হাজার সাংবাদিক পরিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০২৬ সালের রমজান মাসে দেশের ২ হাজার সাংবাদিক পরিবারকে এক কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের পৃথক দুটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।


লিখিত জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ নিরলসভাবে কাজ করছে। এই ট্রাস্টের একটি স্থায়ী ও একটি চলতি তহবিল রয়েছে।


২০২৫-২০২৬ অর্থবছরে সরকার এই খাতে ৯ কোটি ২৪ লাখ টাকা অনুদান বরাদ্দ দিয়েছে।
মন্ত্রী জানান, স্থায়ী তহবিলের অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে রাখা হয়েছে।


সেই আমানতের লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং প্রতি বছর বাজেটে প্রাপ্ত ‘বিশেষ অনুদান’ ও ‘কল্যাণ অনুদান’ থেকে সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।


পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১ হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিকদের পেশাগত অবদানের স্বীকৃতি ও মেধাবী সন্তানদের উৎসাহিত করতে ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।


জহির উদ্দিন স্বপন জানান, কেবল ২০২৬ সালের রমজান মাসেই ২ হাজার সাংবাদিক পরিবারকে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সাংবাদিকদের অন্যান্য সহায়তামূলক কার্যক্রমও ট্রাস্টের মাধ্যমে অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com