ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত পুলিশ, টার্মিনালগুলোতে বাড়তি নিরাপত্তা: ডিএমপি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৩:২১
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত পুলিশ, টার্মিনালগুলোতে বাড়তি নিরাপত্তা: ডিএমপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।


রবিবার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এসব তথ্য জানান।


তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে।


ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।


তিনি বলেন, এদিকে ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোতেও থাকবে পুলিশের বিশেষ নজরদারি।


ব্রিফিংয়ে নগরবাসীর উদ্দেশে কিছু সতর্কতামূলক পরামর্শও দেন মো. সরওয়ার। তিনি বলেন, বাসা ত্যাগের আগে দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত।


তিনি বলেন, পাশাপাশি ভ্রমণের সময় নগদ অর্থ নিজের হেফাজতে রাখা এবং যাত্রাপথে সতর্ক থাকার আহ্বান জানানো হয় পথচারী ও যাত্রীদের প্রতি।


ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, নগরবাসীর ঈদের আনন্দ যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যেই সার্বিক নিরাপত্তা জোরদার করে কাজ করছে পুলিশ। সচেতনতা বাড়লে অনেক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com