
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে।
শনিবার (১৪ মার্চ) টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীম।
প্রতিমন্ত্রী টুকু বলেন, সাংবাদিকরা সবসময়ই ব্যস্ততার মধ্যে কাজ করেন। অনেক সময় তারা নিজেদের পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। সমাজের নানা অসংগতি ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে সঠিক তথ্য জনগণের সামনে পৌঁছে দেওয়ার মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইলকে একটি আধুনিক ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত টাঙ্গাইল গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সঞ্চালনা করেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।
ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীষ শেখর এবং প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি।
এ সময় প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]