অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১০:০৬
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। নানা আলোচনা, সমালোচনা এবং প্রকাশকদের মাঝে বিক্রির প্রবল অসন্তোষ নিয়েই রবিবার (১৫ মার্চ) শেষ হচ্ছে ১৮ দিনের এই সংক্ষিপ্ত আয়োজন।


জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রথাগত ১ ফেব্রুয়ারির পরিবর্তে এবারের মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘদিনের ঐতিহ্যের তুলনায় মেলার স্থায়িত্ব কম হওয়ায় এবং রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে এবার বইয়ের কেনাবেচায় কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মেলা আয়োজক কমিটি এবং প্রকাশকরা জানিয়েছেন, আজ সমাপনী দিনে মেলা প্রাঙ্গণে পাঠক, লেখক ও দর্শনার্থীদের বড় ধরনের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে প্রিয় লেখকের বই সংগ্রহ করতে দুপুরের পর থেকেই পাঠকদের পদচারণায় মুখরিত হতে পারে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। এবারের মেলায় নতুন বই এসেছে দেড় হাজারের বেশি। তবে মেলার সময়সীমা কম থাকা এবং যাতায়াত বিড়ম্বনাসহ নানা কারণে গত বছরের তুলনায় এবারের বিক্রি নিয়ে প্রকাশকদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে।


বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এক বিশেষ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বছরের শ্রেষ্ঠ প্রকাশনাগুলোর জন্য গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান এবং মেলার সার্বিক অর্জন নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হবে।


প্রকাশকরা বলছেন, ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়া এবং ১৫ মার্চ শেষ হওয়ার সিদ্ধান্তে তারা শুরু থেকেই দ্বিধাবিভক্ত ছিলেন। অনেক বড় প্রকাশনা সংস্থা এবার তাদের বিনিয়োগের অর্ধেকও তুলতে পারেনি বলে দাবি করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com