
বর্ষা ঋতু চলছে। এ সময় চাইলেই ইচ্ছা অনুযায়ী বাজারে যাওয়া যায় না। আবার বাজারে যাওয়া হলে প্রয়োজনীয় অনেক বাজার একসঙ্গে এনে ফ্রিজে সংরক্ষণ করা হয়। এমনকি খাবারও একসঙ্গে বেশি রান্না করে রাখা হয়। কিন্তু সেসব খাবার ফ্রিজ থেকে বের করে খাওয়ার সময় কখনো কখনো সমস্যা দেখা দেয়।
অনেক সময় দেখা যায়, ফ্রিজ থেকে বের করা খাবার থেকে অদ্ভুত গন্ধ ভেসে আসছে। গ্রীষ্মে দ্রুত খাবার নষ্টের ভয় থাকে, এ কারণে যথাসময় ফ্রিজে রাখা হয়। কিন্তু বর্ষায় সেটি নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এ জন্য বর্ষায় ফ্রিজের সেই দুর্গন্ধ নিয়ে চিন্তিত থাকেন সবাই। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্রিজের এই গন্ধ ময়লার কারণে নয়, বরং ছোট ছোট কিছু ভুলের কারণে হতে পারে।
বর্ষায় কতদিন বাসি খাবার ফ্রিজে রাখা যাবে, কত দিনের হলে ফেলে দিতে হবে, ফ্রিজের তাপমাত্রা কত থাকলে খাবার নিরাপদ থাকবে―এসব অনেকেরই অজানা। সাধারণত, বর্ষায় ফ্রিজের ব্যাকটেরিয়া, ছত্রাক, পচা খাবারের জন্য সমস্যা বেড়ে যায়। এ জন্য সমস্যা শনাক্ত ও প্রতিকার জানা প্রয়োজন। না হলে সেসব খাবার খেয়ে ফুড পয়জনিং বা ডায়রিয়ার মতো স্বাস্থ্যগত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বর্ষায় ফ্রিজে খাবার ভালো রাখার উপায় জেনে নেয়া যাক-
১. বর্ষায় ফ্রিজে ভেজা শাক-সবজি ও ফলমূল রাখা ঠিক নয়। অতিরিক্ত আর্দ্রতার জন্য ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। যা থেকে দুর্গন্ধ বের হয়। এ জন্য শাক-সবজি ও ফলমূল ফ্রিজে রাখার আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর রাখুন। তবে সঙ্গে সঙ্গে রাখার প্রয়োজন হলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন।
২. বর্ষায় ফ্রিজে খাবার রাখার আগে ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখতে হয়। কেননা, ফ্রিজে দীর্ঘসময় ধরে বাসি খাবার রাখা হলে আপনাআপনিই দুর্গন্ধ সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাতে ব্যাকটেরিয়া জন্মায়, যা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। এ জন্য ফ্রিজে দীর্ঘদিন কোনো খাবার রাখতে হয় না। ফ্রিজের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রির মধ্যে রাখতে হয়। আর খাবার ২ থেকে ৩ দিনের বেশি রাখা উচিত নয়।
৩. কিছু ফ্রিজের আর্দ্রতা নিষ্কাশনের জন্য ছোট ছিদ্র থাকে। কখনো সেই ছিদ্র বন্ধ হলে ফ্রিজে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে বর্ষায় পানি জমে গেলে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে; যা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এ জন্য নিষ্কাশনের জায়গা নিয়মিত পরীক্ষা করা উচিত।
৪. অনেক সময় ফ্রিজের দরজায় রবার সিলে ধুলাবালি বা ময়লা, খাবারের ছোট ছোট কনা ও আর্দ্রতা জমে থাকে। বর্ষায় দরজার সিলে যদি এমনটা হয়ে থাকে, তাহলে ছত্রাক জন্মানোর সম্ভাবনা থাকে। এতেও দুর্গন্ধ হতে পারে। এ থেকে পরিত্রাণে একটি নরম কাপড় দিয়ে রবার সিলটি পরিষ্কার ও শুকনো রাখা উচিত।
৫. ফ্রিজে কখনো অতিরিক্ত কিছু রাখা যাবে না। কেননা, অতিরিক্ত রাখা হলে ভেতরে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে না। ফলে খাবার অল্প সময়ের মধ্যে নষ্ট হয় ও দুর্গন্ধ ছড়ানোর ঝুঁকি বাড়ে। এ ক্ষেত্রে ফ্রিজে পরিমিত পরিমাণ ও সুন্দরভাবে খাবার রাখা ভালো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]