
গরমের দিনে ঠান্ডা কুলফির স্বাদ যেন বাড়তি প্রশান্তি এনে দেয়। সাধারণ আইসক্রিমের পাশাপাশি কুলফিও বিভিন্ন স্বাদে তৈরি করা যায়। ডাবের শাঁস ও ডাবের পানি ব্যবহার করে সহজেই ঘরে তৈরি করা সম্ভব সুস্বাদু মালাই কুলফি। এর সঙ্গে গোলাপজল, পেস্তা বা চকোলেট যোগ করে স্বাদে আনা যায় ভিন্নতা। ডাবের শাঁসের প্রাকৃতিক মিষ্টতা ও সুগন্ধ কুলফির স্বাদকে আরও সমৃদ্ধ করে। জেনে নিন ডাবের শাঁস দিয়ে তৈরি তিন ধরনের কুলফির সহজ রেসিপি।
ক্লাসিক ডাব-মালাই কুলফি
প্রথমে ১ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিন। এরপর এতে চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিন। চাইলে স্বাদ বাড়াতে কনডেন্সড মিল্কও যোগ করা যেতে পারে। ডাবের শাঁসের একাংশ বেটে এবং বাকি অংশ ছোট ছোট করে কেটে দুধের সঙ্গে মিশিয়ে দিন। কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে পেস্তা ও বাদাম কুচি ছড়িয়ে দিন। এরপর কুলফির ছাঁচে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে গেলে পরিবেশন করুন ঠান্ডা ডাব-মালাই কুলফি।
চকো-কোকোনাট কুলফি
চকোলেটপ্রেমীদের জন্য এটি হতে পারে দারুণ একটি বিকল্প। দুধ জাল দেওয়ার সময় চিনি ও কোকো পাউডার অথবা গলানো চকোলেট মিশিয়ে ঘন করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে এতে ডাবের শাঁসের ছোট টুকরো যোগ করুন। এরপর ছাঁচে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে গেলে চকোলেট ও ডাবের অনন্য স্বাদের কুলফি প্রস্তুত।
ডাব-জাফরান পেস্তা কুলফি
রাজকীয় স্বাদের এই কুলফি তৈরির জন্য ঘন দুধে জাফরান ভেজানো পানি ও চিনি মিশিয়ে কম আঁচে রান্না করুন। দুধে হালকা সোনালি রং এলে এতে কাঠবাদাম, আখরোট, পেস্তা কুচি এবং ডাবের শাঁস বাটা মিশিয়ে দিন। মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে ওপরে আরও কিছু পেস্তা ছড়িয়ে দিন। এরপর ৭ থেকে ৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ভালোভাবে জমে গেলে পরিবেশন করুন সুস্বাদু ডাব-জাফরান পেস্তা মালাই কুলফি। গরমের দিনে পরিবারের সদস্যদের জন্য ঘরেই সহজ উপকরণে তৈরি করা যায় এসব কুলফি। স্বাদ ও পুষ্টিগুণের সমন্বয়ে ডাবের শাঁসের এই কুলফিগুলো হতে পারে গ্রীষ্মের বিশেষ আয়োজন।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]