
প্রায় সাত বছর আগে রাজবাড়ীর গোয়ালন্দে পল্লিচিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছয় আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন এই তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়া সরদার।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—আতর আলী সরদার, রায়হান সরদার, হবিবর রহমান ওরফে হবি সরদার, হেলাল খাঁ, জিল্লু বেপারী ওরফে কাজী ও জিয়া মণ্ডল। তাঁদের মধ্যে আতর আলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
মামলার ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া বিচার চলাকালে মতিয়ার ও আলাল সরদার (মাঝি) নামের দুই আসামি মারা যাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা জানান, দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
২০১৯ সালের অক্টোবরে রেজাউল করিম হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় তাঁর বাবা মোবারক মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় ৩৭ জনের নামে মামলা করেন।
মামলাটি তদন্ত করে ফরিদপুর জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। মামলার তদন্ত কর্মকর্তা মোট ২২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দেন।
মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০২২ সালের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলায় ৩০ সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]