
চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১১ মে) বিকাল পৌনে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয় বলে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান।
তিনি বলেন, আদালতের জামিন আদেশ ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে তানভীর সালেহীনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জুলাই অভ্যুত্থানের সময় তানভীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (হেডকোয়ার্টার ও অ্যাডমিন) হিসেবে কর্মরত ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে রাজশাহীতে পাঠানো হয়।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টায় রাজধানীর নিউ মার্কেটের ১ নম্বর গেইটের সামনে চলা বিক্ষোভে হামলাকারীদের গুলিতে প্রাণ যায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের। পরে তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলার আসামি হিসেবে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি তানভীর কারাগারে যান। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে আনা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]