বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো ইমি কারামুক্ত
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৮:৩১
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো ইমি কারামুক্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোয় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি)।


বৃহস্পতিবার (৭ মে) সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেয়া হয়।


কারাগারের জেলার শিরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। বেলা পৌনে ৩টার দিকে তিনি বলেন, সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।


চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।


একপর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজ ও আবদুল্লাহ আল মামুনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। এ সময় থানার ভেতরেই আবদুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। পরে পুলিশ তাঁদের আটক করে রাখে। পরদিন থানা হেফাজতে আটক থাকা আসিফ আহমেদ সৈকতসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।


এই মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান তাসনিম আফরোজ। জামিন চেয়ে ইমির করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com