
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কটুক্তি করায় এবার লিগ্যাল নোটিশ পেলেন এমপি আমির হামজা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসপিপি’র অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রশক্তির কুষ্টিয়া জেলার সদস্য সচিব আই-ইয়াশ ইমন কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম এর মাধ্যমে লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন।
নোটিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফজু পাগল বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন।
একই সঙ্গে সংসদ সদস্য ফজলুর রহমানকে কুকুর মারা ইনজেকশন দেয়ার কথা বলেছেন এবং তাকে মিথ্যাবাদী বলে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। তাকে দেশ ও জাতির সামনে হেও প্রতিপন্ন করবার ঘৃন্ন মানষে অত্যন্ত সুখ পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। আপনার এ রকম কার্যকলাপের ফলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দেশে তথা আন্তর্জাতিকভাবে সম্মানহানি হয়েছে। যাহার ফলে উনি সামাজিক আর্থিক ও মানসিকভাবে অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নোটিশে আরও বলা হয়, নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে আপনার প্রদত্ত বক্তব্য সম্পর্কে লিগার নোটিশের সন্তোষজনক জবাব প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রশক্তির কুষ্টিয়া জেলার সদস্য সচিব আই-ইয়াশ ইমন জানান, আমি অনেকদিন ধরেই এইটা দেখছি। এমপি আমির হামজা একটি দায়িত্বশীল চেয়ারে বসে কিভাবে এই ধরনের কথা বলতে পারেন। জনাব ফজলুর রহমান একজন সংসদ সদস্য এটা পরের কথা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে এই ধরনের কটুক্তি কথাবার্তা বলতে পারেন না। এই কথা শুনলে সবারই খারাপ লাগবে। সেই খারাপ লাগার জায়গা থেকে আমি এই নোটিশটি পাঠিয়েছি।
তিনি আরও জানান, যেহেতু আমরা একই জোটে আছি সেই হিসেবে দলে একটু প্রভাব পড়বে। আমি আমাদের দলের কোন নেতাদের সঙ্গে আলাপ করে এই লিগ্যাল নোটিশটি পাঠাইনি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে নোটিশটি পাঠিয়েছি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি জানান, আমরা ১১ দলীয় জোটের শরিক। জেলা পর্যায়ে আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। জেলার বাংলাদেশ ছাত্রশক্তির সদস্য সচিব আই-ইয়াশ ইমন আমাদের জোটের মনোনীত কুষ্টিয়া সদরের এমপি মুফতি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আমি এটি শুনেছি। সে আমাদের কারো সঙ্গে আলাপ আলোচনা করে এই কাজটি করেননি। আমি আজকেই এনসিপির কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে তার বিষয়ে জানাবো। দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে।
তিনি আরও জানান, এই লিগ্যাল নোটিশ পাঠানোতে আমাদের জোটের মধ্যে কোন মনোমালিন্য হবে না। আমার সঙ্গে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দারের কথা হয়েছে। তবে আমরা নোটিশ পাঠানোকে কোনভাবেই সমর্থন করি না।
জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার জানান, আমি এই বিষয়ে অবগত আছি। এনসিপির জেলার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে এই বিষয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ব্যক্তিগত ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়ায় এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]