আরও এক মামলায় গ্রেফতার সাবেক মেয়র আইভী
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৭:১৫
আরও এক মামলায় গ্রেফতার সাবেক মেয়র আইভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত রাব্বী হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে পুলিশের শ্যোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন আদালত।


সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুস সামাদ।


তিনি বলেন, ‘রবিবার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধিরগঞ্জ আমলি আদালতে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রাব্বী হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন।’


এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় গত ২৬ ফেব্রুয়ারি থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই মামলার শুনানি শেষে আদালত আইভীর জামিন আবেদনটিও নামঞ্জুর করেন।


এ নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে ১০টি মামলায় উচ্চ আদালত থেকে আইভী জামিন পেলেও পরবর্তীতে ৫টি মামলায় স্থগিত আদেশ দেয়া হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।


উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com