গোপন নথি ফাঁস
ইউক্রেন যুদ্ধের পাঁচ বছরে ৪ লাখ রুশ সেনা নিহত
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৬:০৮
ইউক্রেন যুদ্ধের পাঁচ বছরে ৪ লাখ রুশ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছরে দেশটির প্রায় ৪ লাখ নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন হ্যাকার ও অনুসন্ধানী সাংবাদিকদের একটি দল।


এক কোটির বেশি মৃত্যু সনদ পর্যালোচনার পর এই হিসাব সামনে এসেছে।


জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের বিরোধী দলীয় হ্যাকার গোষ্ঠী সাইবার পারটিসানস এবং ইউক্রেনের হ্যাকার দল অপারেশন সাইলেন্ট ক্রো রোসস্ট্যাটের ডাটাবেস থেকে এসব নথি সংগ্রহ করে একটি ছোট সংবাদমাধ্যমের গোষ্ঠীর সঙ্গে শেয়ার করেছে।


নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের শেষ পর্যন্ত ৩ লাখ ৯২ হাজার ৭০০টি মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে সরাসরি যুদ্ধের উল্লেখ রয়েছে। এসব সনদে ‘সামরিক অভিযান’, ‘গোলাবর্ষণ’ ও ‘ড্রোন’—এ ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার চেষ্টা করছেন। ২০১৫ সাল থেকেই শান্তিকালীন বিশেষ সামরিক অভিযানে সেনাদের ক্ষয়ক্ষতির তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে ঘোষণা করা হয়।


ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।


বিশ্লেষকদের ধারণা, ফাঁস হওয়া নথিতে পাওয়া মৃত্যুর সংখ্যা প্রকৃত হিসাবের চেয়েও কম হতে পারে। কারণ, যুদ্ধক্ষেত্রে নিহতদের সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন। অনেক সেনা এখনো নিখোঁজ, অনেকের মরদেহ শনাক্ত করা যায়নি। আবার অনেকে যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার কয়েক মাস পর মারা গেছেন।


অপারেশন সাইলেন্ট ক্রোর নিজস্ব হিসাব অনুযায়ী, অ-যুদ্ধজনিত মৃত্যুও বিবেচনায় নিলে রুশ নাগরিকের মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে চার লাখ হতে পারে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি রোসস্ট্যাট।


রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে হতাহতের তথ্য প্রকাশ সীমিত করায় ফাঁস হওয়া নথিগুলোতে যুদ্ধের ক্ষয়ক্ষতির একটি গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়া এবং কিয়েভের প্রতিরোধ জোরদার হওয়ার পর রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়েছে।


ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, শুধু অক্টোবর মাসেই রাশিয়ার ৫৪ হাজার সেনা নিহত অথবা গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ফেব্রুয়ারিতে ফরাসি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, যুদ্ধে ইউক্রেনের অন্তত ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন। এ ছাড়া বহু সেনা নিখোঁজ রয়েছেন।


যুদ্ধক্ষেত্রে বড় ধরনের সাফল্য না পাওয়ায় রাশিয়া এখন ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামোতে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনকে আরও ভূখণ্ড ছেড়ে দিতে রাজি করাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে ক্রেমলিন। সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকে বসার কথা রয়েছে।


এদিকে সাইবার পারটিসানস ও সাইলেন্ট ক্রো গত ১ নভেম্বর দাবি করে, তারা রোসস্ট্যাটের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে প্রায় ২৫ হাজার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েছে এবং ২৩ টেরাবাইট তথ্য সংগ্রহ করেছে।


এর কয়েক দিন পর রোসস্ট্যাট স্বীকার করে, ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের সিস্টেমে সাইবার হামলা হয়েছিল। তবে সংস্থাটি কোনো তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।


রুশ সামরিক বাহিনীর সঙ্গে পরিচিত কয়েকটি সূত্রের মতে, প্রায় ৪ লাখ নিহতের হিসাবটি বাস্তবসম্মত। তবে স্বাধীনভাবে হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন। রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়া জোনা ও বিবিসি রাশিয়ান সার্ভিসের যৌথ অনুসন্ধানে এখন পর্যন্ত ২৮ হাজার ৮৮১ জন নিহত সেনার নাম শনাক্ত করা হয়েছে।


এ ছাড়া মিডিয়া জোনা ও মেদুজার যৌথ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় সাড়ে তিন লাখ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ১৬ লাখ সেনা নিহত অথবা গুরুতর আহত হয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com