মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘাতে নিহত ৫, দোকান-বাড়িঘরে আগুন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২২:৫৪
মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘাতে নিহত ৫, দোকান-বাড়িঘরে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ভারতের মণিপুর রাজ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়েছে। রাজ্যটির কামজং ও উখরুল জেলায় সহিংসতা চলাকালে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ সময় চাসাদ এলাকায় ১০টি বাড়ি ও ২০টি দোকান পুড়িয়ে দেয়া হয়। খবর এনডিটিভির।


সহিংসতার জেরে কমিটি অন ট্রাইবাল ইউনিটি (সিওটিইউ) শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কাংপোকপি জেলায় ২৪ ঘণ্টার সর্বাত্মক ধর্মঘট ডেকেছে।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শনিবার স্থানীয় সময় সকালে কামজং জেলার চাসাদে সশস্ত্র গোষ্ঠীগুলোর গুলিবর্ষণে মাইকেল গামমিনলেন হোকিপ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে জানা গেছে।


উখরুল জেলার আরেকটি পৃথক ঘটনায় টিএম কাসমের কাছাকাছি ইয়াওলেনের কাছে একটি সন্দেহভাজন অ্যাম্বুশে সন্দীপ রাই নামের অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।


এর আগে শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে চাসাদে গুলিবিদ্ধ হয়ে ডোমহোনেই থৌথাং নামের পাঁচ সন্তানের জননী এক কুকি নারীর মৃত্যু হয়।


অন্যদিকে, শনিবার স্থানীয় সময় সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কামজং জেলার মণিপুর-মিয়ানমার সীমান্তবর্তী নিংচৌ গ্রামে দুই নাগা গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়। এর ফলে রাজ্যে চলমান সহিংসতার মধ্যে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়।


সর্বশেষ এই ঘটনাগুলোর মধ্য দিয়ে চলমান সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। এর মধ্যে কামজং জেলায় চারজন এবং পার্শ্ববর্তী উখরুল জেলায় একজন নিহত হয়েছেন।


এ ছাড়া শনিবার চাসাদ ও এর আশপাশের এলাকায় অন্তত ১০টি বাড়ি ও ২০টি দোকান অগ্নিসংযোগে পুড়িয়ে দেয়া হয়। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং কতজন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।


চাসাদ পুলিশ গেট জংশনের চারপাশের এলাকায় জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে কামজং জেলা প্রশাসন। গত ৯ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট এল. এন. কাশুং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারা জারি করেন। এর মাধ্যমে জংশনটির ৪০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, অস্ত্র বহন এবং ঘর থেকে বাইরে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com