পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ আজ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:৩৭
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এ উপলক্ষে কলকাতাজুড়ে চলছে সাজ সাজ রব। শনিবার (৯ মে) ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।


নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হওয়া শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। গতকাল শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।


শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড ময়দানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের বিভিন্ন অঙ্গনের প্রায় ৪০ জন ভিভিআইপি অতিথি।


এরই মধ্যে কলকাতা শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।


১৯৭০ সালের ১৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের জন্ম শুভেন্দুর। দীর্ঘ তিন দশকের রাজনৈতিক জীবন, একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৯৫ সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবে। এরপর ২০০৬ সালে দক্ষিণ কাঁথি থেকে প্রথমবার বিধানসভায় পদার্পণ এবং ২০০৭-০৮ সালের ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন।


মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পরিবহণ ও সেচ দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলানোর পর, ২০২০ সালে আদর্শগত পার্থক্যের কারণে দলত্যাগ করে বিজেপিতে যোগদান তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারী 'জায়ান্ট কিলার' হিসেবে নিজেকে প্রমাণ করেন।


সেই জয়ের পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তিনি শাসকদলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি এক অনন্য সাহস দেখিয়ে নিজের দুর্গ নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রীর খাসতালুক ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই কেন্দ্র থেকেই জয় লাভ করার পাশাপাশি বিজেপি রাজ্যে ম্যাজিক ফিগার পার করে।


৯২.৪৭ শতাংশের রেকর্ড ভোটার উপস্থিতি এবং ভোটার তালিকা থেকে ৯১ লাখ ‘ভুয়া’ ভোটার বাদ দেয়ার লড়াইকে হাতিয়ার করে শুভেন্দু আজ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। কাঁথি হাই স্কুল থেকে স্কুল জীবন শেষ করে প্রভাত কুমার কলেজ এবং পরবর্তীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই নেতা মেদিনীপুরের অধিকারী পরিবারের দীর্ঘ ঐতিহ্যকে বহন করছেন।


বর্তমানে তার বাবা শিশির অধিকারী এবং দুই ভাই দিব্যেন্দু ও সৌমেন্দু সকলেই বিজেপির ছত্রছায়ায় মেদিনীপুরের রাজনৈতিক একাধিপত্য বজায় রেখেছেন। মেদিনীপুরের সিংহ থেকে আজ কলকাতার ক্ষমতার অলিন্দে শুভেন্দুর এই জয়যাত্রা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com