সুস্থ দাঁত সুস্থ জীবনের ভিত্তি : মুজিবুর রহমান
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৮:৫৪
সুস্থ দাঁত সুস্থ জীবনের ভিত্তি : মুজিবুর রহমান
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে ফ্রি ওরাল চেকআপ ও ডেন্টাল ক্যাম্প এবং দাঁতের পরিচর্যায় করণীয় বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা গ্রহণ করেন।


এ সময় আগত সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্রের পাশাপাশি ওষুধ ও সেনসোডাইনের টুথপেস্ট বিতরণ করা হয়।


রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও এম আর খান চা বাগানের মালিক রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী এবং পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের উপকরণ বিতরণ, খেলাধুলার সামগ্রী প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তাসহ নানা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে উন্নতমানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে, যার মাধ্যমে প্রতিবছর শত শত শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে।


তিনি বলেন, “বর্তমান সময়ে দাঁতের রোগ একটি বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। অনেক মানুষ সচেতনতার অভাবে ছোট সমস্যাকে বড় আকারে নিয়ে যান। অথচ নিয়মিত দাঁতের যত্ন এবং সময়মতো চিকিৎসা গ্রহণ করলে অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব। রোটারি ক্লাবের এমন ফ্রি ডেন্টাল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ।”


তিনি আরও বলেন, “ রোটারি ক্লাব যে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”


বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। দাঁতের যত্ন নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলকে এ জাতীয় কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।


বিএনপি নেতা দুরুদ আহমদ বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো যদি মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। রোটারি ক্লাবের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।


মো. ইয়াকুব আলী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।


দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. অমিতাব দাশ ও ডা. ইনজামুল হক চৌধুরী।


দাঁতের যত্ন বিষয়ে বক্তব্যে ডা. অমিতাব দাশ বলেন, “অনেকেই দাঁতের সমস্যাকে গুরুত্ব দেন না। কিন্তু অবহেলা করলে তা শরীরের অন্যান্য জটিল রোগের কারণ হতে পারে। প্রতিদিন অন্তত দুইবার দাঁত ব্রাশ করা, অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত ডেন্টাল চেকআপ করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “দাঁতের সুস্থতা মানুষের আত্মবিশ্বাস ও সামগ্রিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাই শিশু থেকে বৃদ্ধ—সবারই দাঁতের যত্নে সচেতন হওয়া প্রয়োজন।”


সভাপতির বক্তব্যে মশিউর রহমান রিপন বলেন, “রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল সবসময় মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাস করে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতাকারী চিকিৎসক, অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনাটা ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি মো. শাহ আলম, সেনসোডাইনের প্রতিনিধি শেখ মো. মেহেদী হাসান, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান অবিনাশ আচার্য্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান লিটন পাল, রোটারিয়ান সুব্রত দাস, রোটারিয়ান নাঈম শরফরাজ, রোটারিয়ান ফেরদৌস আলম, রোটারি পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, উপজেলা বিএনপির সদস্য ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম, শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল আচার্য্য, জাসাস শ্রীমঙ্গলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান বাপ্পিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের বিনামূল্যে ওষুধ, টুথপেস্ট ও টুথব্রাশ প্রদান করে রেনাটা ফার্মাসিউটিক্যালস ও সেনসোডাইন।


বিবার্তা/রিয়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com