
রাজধানীর পুরান ঢাকার জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলীর জুরাইন নবারন গলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল জানান, সন্ধ্যার দিকে খবর পাওয়া যায় জুরাইন নবারন গলিতে কে বা কারা এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ফেলে রেখেছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তির দুই পায়ের রগ কাটা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহত সুমন মিলন ওরফে মিন্টুর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতিবাহাদুরপুর গ্রামে। তার বাবার নাম মৃত আবুল হোসেন মৃধা। বর্তমানে তিনি পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে ভাড়া থাকতেন এবং পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
কে বা কারা এবং ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]