প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২১:১১
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরি এবং বিদ্যমান মাঠগুলো সংস্কার করে খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।


ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরি করে আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করার কাজ শুরু হয়েছে।


তিনি বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে মাঠ তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরইমধ্যে ২৭টি জেলা থেকে মাঠের জন্য ৪০৩টি খাসজমি পাওয়া গেছে। স্থানীয় সরকার, শিক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব জায়গায় মাঠ সংরক্ষণ ও সংস্কার করা হবে। মাঠগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে, যেন শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা সেখানে খেলাধুলা করতে পারে।


ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলা স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়েছিল। তবে, এসব স্টেডিয়ামের অনেকগুলো লোকালয় থেকে দূরে হওয়ায় কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছিল না।


বর্তমানে ২০১টি উপজেলা স্টেডিয়ামের কার্যক্রম চলমান। এর মধ্যে প্রায় ৪০টির কাজ প্রায় শেষ হয়েছে। এসব স্টেডিয়ামে প্যাভিলিয়ন, গ্যালারি ও ড্রেসিংরুমের পাশাপাশি উপজেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয় রাখার পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, উপজেলা ক্রীড়া কর্মকর্তা স্টেডিয়ামে বসে এর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবেন এবং একইসঙ্গে ইউনিয়ন পর্যায়ের মাঠগুলোর কার্যক্রমও দেখভাল করবেন।


আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।


তিনি বলেন, এবার ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, সাঁতারসহ ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরী অংশ নেবে। এরইমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। সেখান থেকে ১৪ লাখ খেলোয়াড় বাছাই করে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম শুরু করা হবে।


এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৪টি মাঠ চিহ্নিত করা হয়েছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।


এসব মাঠে কোথাও দখল থাকলে তা মুক্ত করে দ্রুত খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এসব মাঠে ছেলে ও মেয়েদের ফুটবল টুর্নামেন্ট চালুর পরিকল্পনা রয়েছে।


প্রতিমন্ত্রী বলেন, চিহ্নিত প্রতিটি মাঠ যেন নিয়মিত খেলাধুলার কাজে ব্যবহার করা যায়, সে ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে ঢাকা শহরে খেলার মাঠের সংকট অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা করছেন।


জেলা স্টেডিয়াম ও খেলার মাঠগুলো মেলার কাজে ব্যবহারের অনুমতি না দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আমিনুল হক।


তিনি বলেন, সরকারের বয়স এখনো মাত্র সাত মাস। আগামী এক-দুই বছর পর মাঠ ও খেলাধুলা নিয়ে সরকারের নেওয়া উদ্যোগের আরও দৃশ্যমান ফল পাওয়া যাবে বলে তারা আশা করছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com