
দেশে ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু। প্রতিদিনই এ রোগে ঝরছে প্রাণ। তারই ধারাবাহিকতায় দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৪৮ জন ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৭১৯ জন, বরিশাল বিভাগের ২১২ জন, চট্টগ্রাম বিভাগের ৩৪৩ জন, খুলনা বিভাগের ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগের ১০২ জন, রাজশাহী বিভাগের ২১১ জন, রংপুর বিভাগের ৯৯ জন এবং সিলেট বিভাগের ১৪ জন রয়েছেন।
এদিকে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।
এর আগে মঙ্গলবারও (২৯ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হন ১ হাজার ৯৪২ জন।
তার আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯ হাজার ৬২০ জন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]