
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কোয়ামাখুথা টাউনশিপে একটি বাড়িতে ঢুকে ১৪ জনকে লক্ষ্য করে গুলি চালায় তিন বন্দুকধারী। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে পরে আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে তাদের নজরদারিতে ছিলেন। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ।
হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে পুলিশ মনে করছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩ জন পুরুষ ও এক নারী ওই বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিন ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। নিহতদের মধ্যে ওই নারীও রয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ইএনসিএর এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, পালিয়ে যাওয়ার আগে বন্দুকধারীরা নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুড়ে যাওয়া গাড়ির ছবি সম্প্রচার করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে। দেশটির পুলিশি পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ৬০ জনের বেশি মানুষ হত্যার শিকার হন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে অন্তত ৯ জন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায়ও উদ্বেগ বেড়েছে। তাদের কয়েকজনের মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়েছিল।
এর আগে গত বছর জোহানেসবার্গের একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]