সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৮
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৮:০৩
সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৮
জয়দেব (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত গ্যাসে’ নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়েছেন।


শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের জাহাজভাঙা কারখানায় এ ঘটনা ঘটে।


নিহত আট শ্রমিকের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাঁরা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।


স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শুনতে পান তাঁরা। পরে কারখানার কাছে গিয়ে কয়েকজন অসুস্থ শ্রমিককে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেন। একপর্যায়ে স্ক্র্যাপ জাহাজের ভেতরে কয়েকজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে কারখানায় ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় আরেক বাসিন্দা জানান, কারখানা থেকে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে সাগর থেকে ইলিশ ধরে ফেরার সময় জেলেরা কারখানার পাশের খালে ঢুকতে পারেননি। গ্যাসের তীব্রতার কারণে তাঁদের প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয়েছে।


কারখানার মালিকের প্রতিনিধি মো. মহিউদ্দিন জানান, ঘটনার সময় তিনি কারখানার বাইরে ছিলেন। কারখানা থেকে তাঁকে জানানো হয়েছে, জাহাজে থাকা ছয় থেকে আটজন কর্মী অসতর্কতার কারণে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন। কারখানায় গিয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, ওই কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ঘটনাস্থলে আরও দুজনের মরদেহ রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com