
দীর্ঘ চার মাস আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দেয়।
বর্তমানে জাহাজটি জ্বালানি বা বাংকারিং নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে থাকা ৩১ জন বাংলাদেশি ক্রু ও নাবিক সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ অবস্থায় এই সংকট থেকে মুক্ত হয়েছেন।
এর আগে ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।
ইরান-ইসরাইল সংঘাতের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে জাহাজটি কার্যত পারস্য উপসাগরে আটকে পড়ে। ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জাহাজটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাওয়ার জন্য সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়। কিন্তু হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় জাহাজটি রাস আল খায়ের বন্দরেই আটকে যায়।
প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি থাকলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বারবার যাত্রা শুরু করতে ব্যর্থ হয় জাহাজটি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিএসসি বিষয়টি নিয়ে তৎপর ছিল। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলে ৮ এপ্রিল জাহাজটি কেপটাউনের উদ্দেশ্যে রাস আল খায়ের বন্দর ত্যাগ করে। তবে ১০ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রমের সময় আবারও ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে। এ অবস্থায় জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়।
সবশেষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক সমঝোতা চুক্তি হওয়ার পর বাংলাদেশ সরকারের দীর্ঘ ও নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে জাহাজটি সোমবার দিবাগত রাতে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]