ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৯:৫৯
ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুইজারল্যান্ডে বৈঠকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকি যদি সত্যিই কার্যকর হতো, তাহলে তারা আজকের এই পরিস্থিতিতে পৌঁছাত না। গালিবাফের ভাষায়, ‘আমরা আমেরিকার হুমকিকে গুরুত্ব দিই না।’


ইরানের পার্লামেন্ট স্পিকার আরও সতর্ক করে বলেন, ওয়াশিংটনের উচিত তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক থাকা। কারণ, ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে ভিন্ন ধরনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী তাদের অন্যভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তারা যতই কথা বলুক না কেন, কাজ করে দেখাই আমরা।’


আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত, তেল নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সুইজারল্যান্ডে চলছে ওয়াশিংটন-তেহরানের দরকষাকষি। প্রথম ৮০ মিনিটের উদ্বোধনী সেশনের পরই ট্রাম্পের হুমকির জেরে টেবিল ছাড়েন ইরানি প্রতিনিধিদল। এতে অনেকটাই থমকে গেছে আলোচনার গতি। হরমুজ প্রণালি ও লেবানন সংকটসহ ইসরাইল ইস্যু এই শান্তি প্রক্রিয়াকে ক্রমশ জটিল করে তুলেছে।


সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে রোববার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের শীর্ষ নেতারা। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার।


অন্যদিকে তেহরানের পক্ষে হাল ধরেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ বেশ কয়েকজন। বৈঠকের শুরুতেই দু'পক্ষের তীব্র মনস্তাত্ত্বিক লড়াই স্পষ্ট হয়। এমনকি ইরানি প্রতিনিধিদল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যৌথ ফটোসেশন এবং হাত মেলাতেও অস্বীকৃতি জানায়।


শান্তি আলোচনার উদ্বোধনী সেশনে ঠিক ৮০ মিনিটের মাথায় পুরো প্রক্রিয়ার দৃশ্যপট বদলে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প হুমকি দেন, লেবাননে হিজবুল্লাহর মতো ইরানের প্রক্সিদের বিশৃঙ্খলা অবিলম্বে বন্ধ না করা হলে, ওয়াশিংটন ইরানে গত সপ্তাহের চেয়েও বিধ্বংসী সামরিক হামলা চালাবে।


এই হুমকির খবর ভেন্যুতে পৌঁছানোর পরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করে, আলোচনার টেবিল থেকে সাময়িক ওয়াকআউট করে বৈঠক ত্যাগ করে ইরানি প্রতিনিধিদল। ওয়াকআউটের পর ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দেন, মার্কিন দাদাগিরি আর ফাঁকা হুমকিকে তেহরান বিন্দুমাত্র পাত্তা দেয় না।


হুমকির মুখে কোনো আলোচনা হবে না উল্লেখ করে তিনি বলেন, মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে এই আলোচনার মাঝেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, সুইজারল্যান্ডে যাই হোক না কেন, দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবে না তেল আবিব।


আলোচনার প্রথম দিনে চরম অচলাবস্থার পরও হাল ছাড়েনি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনা একেবারে ভেঙে যায়নি, বরং এটিকে ‘সাময়িক বিরতি’ হিসেবে দেখছেন তারা। পর্দার আড়ালের তীব্র কূটনীতির মাধ্যমে দুই পক্ষকে আবারও এক টেবিলে ফেরানোর চেষ্টা চলছে।3


৬০ দিনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করা, লেবানন যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের অবরুদ্ধ বিলিয়ন ডলারের বৈশ্বিক সম্পদ মুক্ত করার মতো জটিল শর্তগুলোর বাস্তবায়ন, এখন মধ্যস্থতার সফলতার ওপরই নির্ভর করছে বলে মত বিশ্লেষকদের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com