চোখে চোখ রেখে উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৮:৫৩
চোখে চোখ রেখে উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্দান্ত ফ্রি-কিকে বিশ্বকাপে দেশের প্রথম গোল করলেন কেভিন পিনা। উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দ শিবির। ধাক্কা সামলে সাত মিনিটের মধ্যে দুই গোল করে ঘুরে দাঁড়াল উরুগুয়ে। তবে নাটকীয়তার তখনও বাকি। আরেকটি গোল করে, আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে, আবারও পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দ।


ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।


পিছিয়ে পড়ে প্রথমার্ধেই মাক্সি আরাউহো সমতা টানার পর, উরুগুয়েকে এগিয়ে নেন আউতি কানোবিও। দ্বিতীয়ার্ধে বদলি নেমে কেপ ভার্দকে সমতায় ফেরান এলিও ভ্যারেলা।


বিশ্বকাপে অভিষেক আসরে প্রথম দুই ম্যাচেই অপরাজিত রইল চার হাজার বর্গকিলোমিটার আয়তন আর মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশটি।


প্রথম ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দ। এবার দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিল তারা। অবিশ্বাস্যই বটে!


দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দ তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।


ম্যাচে ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৭ শট নিয়ে গোলের দুটিই শুধু লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে। কেপ ভার্দের ১২ শটের চারটি লক্ষ্যে ছিল।


শুরু থেকে উরুগুয়ে বল দখলে এগিয়ে থাকলেও, প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না তারা। ২৩তম মিনিটে চমক জাগিয়ে এগিয়ে যায় কেপ ভার্দ। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে রক্ষণ দেয়ালের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন কেভিন পিনা।


এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিকে দ্বিতীয় গোল এটি।


গোলের জন্য ৯টি লক্ষ্যভ্রষ্ট শটের পর, ৪৪তম মিনিটে প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে এবং তা থেকেই সমতা ফেরায় তারা।


প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করার জন্য বক্সে লাফিয়ে ওঠেন কেপ ভার্দের ডিফেন্ডার লোপেস কাব্রাল এবং তার হেড নিজেদের পোস্টে লেগে ফিরে আসে। কাছেই থাকা মাক্সি আরাউহো ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান।


সৌদি আরবের বিপক্ষেও দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি।


সেই রেশ থাকতেই প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে এবং এই গোলেও অবদান রাখেন মাক্সি আরাউহো। মানুয়েল উগার্তের ক্রসে তার হেড পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে ঠিকানা খুঁজে নেন আউতি কানোবিও।


৬১তম মিনিটে কেপ ভার্দের আরেকটি চমকে স্কোরলাইন হয় ২-২। যদিও নিজেদের ভুলেই গোলটি হজম করে উরুগুয়ে। ডিফেন্ডার মাতিয়াস অলিভেরার দুর্বল ব্যাক-পাস ক্লিয়ার করার জন্য বক্সের অনেকটা বাইরে বেরিয়ে আসেন গোলরক্ষক। কিন্তু তার সামনে থেকে ছোঁ মেরে বল নিয়ে বক্সের বাইরে থেকে শটেই ফাঁকা জালে পাঠিয়ে দেন মিনিট তিনেক আগে বদলি নামা এলিও ভ্যারেলা।


একটু পর উরুগুয়ে আরেকবার জালে বল পাঠালেও, অফসাইডের কারণে গোল মেলেনি।


নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে আরেকটি ভালো সুযোগ পায় উরুগুয়ে। বেন্তানকুরের জোরাল শট প্রতিহত হয় রক্ষণে।


বাকি সময়েও সুযোগ আসে দুই দলের সামনেই। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছু কেউ করতে পারেনি।


শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, একই সময়ে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দ। নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে তাদের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com