
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, রোববারই এ আদেশ জারি করা হয়েছে।
তবে তাকে প্রত্যাহারের কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক আলোচিত ছিলেন। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক পদে নিয়োগ পান সারওয়ার আলম।
সিলেটে যোগ দেওয়ার পর প্রথম দিকে তার বেশ কিছু কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হয়। তবে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সারওয়ার আলম। কয়েক শত বছরের রেওয়াজ ভেঙে গত বৃহস্পতিবার মাজারের দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স বসান তিনি। এরপর সেই দানবাক্সের পাহারায় আনসার ও সিসি ক্যামেরা বসানো হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]