রক্তের দাগ শুকায়নি, তবুও ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ২০ জুন ২০২৬, ২২:৩০
রক্তের দাগ শুকায়নি, তবুও ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশকে ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।


শনিবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় প্রধান বক্তার বক্তব্য এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি বলেছেন, এখনো রক্তের দাগ শুকায়নি। অথচ ফ্যাসিবাদী চক্র তাদের অপকর্মের বোধোদয় না ঘটিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে ঐক্যবদ্ধ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হয়েছে, ভবিষ্যতেও দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার চেষ্টা রুখে দেওয়া হবে।


তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা দেশ চায়নি এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা এখন বিভিন্নভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে, বিএনপির শেকড় এ দেশের জনগণের মধ্যে। জনগণের দলকে ক্ষতিগ্রস্ত করা সহজ নয়।


বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলে বলেই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের শিকার হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার চেষ্টা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। তবে শেষ পর্যন্ত জনগণের বিজয় হয়।


তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশে নজিরবিহীন জুলুম-নির্যাতন চালানো হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার ও বিএনপির নেতাকর্মীরা।


টুকু বলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে মামলা, হামলা ও রাজনৈতিক চাপ মোকাবিলা করেও দলের আদর্শ ধরে রেখেছেন।


তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। তবে বিএনপির নেতাকর্মীরা একটি পরিবারের মতো, তাই ধৈর্য ও ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।


শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com