বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, সংঘর্ষ ও গুলিতে নিহত ২৪
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৭:২০
বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, সংঘর্ষ ও গুলিতে নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিরোধিতা, অর্থনৈতিক সংকট এবং প্রশাসনিক বৈষম্যের বিরুদ্ধে ডাকা ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। প্রায় দুই সপ্তাহব্যাপী ধরে চলা মারাত্মক অস্থিরতা ও সহিংস বিক্ষোভে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।


আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় ৪৫ আসনের আইনসভা নির্বাচনে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষণের সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়, যা নেতৃত্বে ছিল সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত নাগরিক অধিকার সংগঠন- জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)।


স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বাত্মক ধর্মঘট ও লং মার্চের ডাক দিয়েছিল জেএএসি, তবে গত ৫ জুন থেকেই অস্থিরতা শুরু হয় এবং ৬ জুন থেকেই নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষ ও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।


নাম প্রকাশ না করার শর্তে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৬ থেকে ১৪ জুনের মধ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন।


অন্যদিকে আঞ্চলিক পুলিশ প্রধান লিয়াকত আলী মালিক নিশ্চিত করেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে চারজন কর্মকর্তা নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত ৫১৫ জনেরও বেশি আন্দোলনকারীকে আটক করেছে।


তবে বিপুল সংখ্য হতাহত এবং ধরপাকড়ের পরও হাজার হাজার বিক্ষোভকারী বর্তমানে আঞ্চলিক রাজধানী মুজাফফারাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রাওয়ালকোটে অবস্থান নিয়ে ক্যাম্প স্থাপন করেছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের প্রধান সড়কগুলো বন্ধ, ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ স্থগিত এবং অঞ্চলটিতে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করেছে পাকিস্তান সরকার।


প্রসঙ্গত, এই বিক্ষোভ ইসলামাবাদের জন্য একটি সংবেদনশীল চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ পাকিস্তান প্রায়শই ভারত-শাসিত কাশ্মীরে ভিন্নমত দমনে দিল্লির ভূমিকার সমালোচনা করে, কিন্তু এখন নিজেদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডেই রোষের মুখে পড়েছে সরকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com