সংসদে কৃষিমন্ত্রী
গম চাষ সম্প্রসারণে বছরে প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ৭৯ হাজার কৃষক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৭:৪৫
গম চাষ সম্প্রসারণে বছরে প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ৭৯ হাজার কৃষক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, গম চাষ সম্প্রসারণে প্রতি বছর কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ১ লাখ ৭৯ হাজার ৩০০ জন কৃষককে প্রতি বিঘা জমির জন্য ১০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সরবরাহ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান কৃষিমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


কৃষিমন্ত্রী বলেন, দেশে গম চাষ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে প্রধান গম উৎপাদন এলাকায় নতুন ও উচ্চফলনশীল জাতের সম্প্রসারণ জোরদার করা হচ্ছে। পাশাপাশি ধানভিত্তিক ফসল বিন্যাসে গমকে আরও বেশি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি জানান, ধান-গম-পাট এবং ধান-গম-মুগডাল ফসল ধারার সম্প্রসারণের পাশাপাশি উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটিতে অধিক লাভজনক চার ফসলভিত্তিক ‘আগাম আলু-গম-ভুট্টা-আমন ধান’ ফসলচক্র জনপ্রিয় করার কাজ চলছে।


মন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চলের লবণাক্ততাপ্রবণ এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল, পাহাড়ি সমতল এলাকা এবং তামাক চাষের জমিতে গমের আবাদ সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


গমের উৎপাদনশীলতা বাড়াতে গবেষণার কথাও তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলন দিতে সক্ষম গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে কাজ চলছে। একই সঙ্গে আধুনিক উৎপাদন প্রযুক্তি, রোগবালাই ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।


কৃষকদের উৎপাদিত গমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে গম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com