
সমতা ফেরানোর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আবারও পিছিয়ে পড়ল উজবেকিস্তান। বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে ৬৫তম মিনিটে কলম্বিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন লুইস দিয়াজ। এতে করে আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি নতুন করে দিক বদলে নেয়।
এর আগে ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছিল উজবেকিস্তান। ৬০তম মিনিটে আব্বোসবেগ ফাইজুল্লায়েভের গোলের মাধ্যমে সমতায় ফেরে বিশ্বকাপের নবাগত দলটি। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র পাঁচ মিনিট পরেই আবারও লিড নেয় কলম্বিয়া, ম্যাচে চাপ তৈরি করে ফের এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি।
প্রথমার্ধে অবশ্য এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল কলম্বিয়া। ম্যাচের ৪০তম মিনিটে লুইস দিয়াজের নিখুঁত ক্রস থেকে ডানিয়েল মুনোজের দারুণ ফিনিশিংয়ে গোল পায় দলটি। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে এই গোলই ছিল প্রথমার্ধের একমাত্র পার্থক্য গড়ে দেওয়া মুহূর্ত।
প্রথমার্ধজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। কলম্বিয়ার আক্রমণভাগে লুইস দিয়াজ ও অধিনায়ক হামেস রদ্রিগেজ বারবার উজবেক রক্ষণে চাপ সৃষ্টি করেন। অন্যদিকে উজবেকিস্তানও কিছু সুযোগ তৈরি করলেও অভিজ্ঞতার ঘাটতি ও ফিনিশিংয়ের দুর্বলতায় পিছিয়ে থাকে তারা।
বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ খেলতে নেমে শুরু থেকেই সতর্ক কৌশল নিয়ে মাঠে নামে উজবেকিস্তান। গোলরক্ষক ইউসুপভ একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন, আর রক্ষণে খুসানভ, আশুরমাতভ ও মজগোভয়ম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। মাঝমাঠে শুকুরভ ও উরুনভ খেলার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও চাপ সামলাতে বেশ ভুগতে হয় তাদের।
অন্যদিকে কলম্বিয়ার ধারাবাহিক আক্রমণের ফল আসে প্রথমার্ধের শেষ দিকে। দিয়াজের দারুণ ডেলিভারি থেকে মুনোজ গোল করে দলকে এগিয়ে দেন, যা বিরতির আগ পর্যন্ত ব্যবধান ধরে রাখে।
এদিকে এই ম্যাচেই ইতিহাস গড়েছে উজবেকিস্তান। বিশ্বকাপে অংশ নেওয়া নবম স্থলবেষ্টিত দেশ হিসেবে নাম লেখায় তারা। পাশাপাশি নিজেদের ভৌগোলিক অবস্থানের কারণে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ‘দ্বিগুণ স্থলবেষ্টিত’ দেশ হিসেবেও জায়গা করে নেয় মধ্য এশিয়ার এই দলটি যাদের নিজস্ব কোনো সমুদ্র উপকূল নেই এবং প্রতিবেশী দেশগুলোরও সরাসরি সমুদ্রপথ নেই।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অভিষেক ম্যাচ হলেও সমতায় ফেরার পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় উজবেকিস্তান। তবে দ্রুতই আবার গোল হজম করে পিছিয়ে পড়ায় ম্যাচে ফেরার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে তাদের জন্য।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]