
দেশের ১৩ অঞ্চলের নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টার পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায়, সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনরায় ১ নম্বর) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আরেক পূর্বাভাসে কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের মধ্যেই আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে দেশের ৩ বিভাগসহ কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহের এমন দাপট থাকতে পারে।
এই অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]