
ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবাগামী একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি আঁকাবাঁকা সড়ক থেকে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর জরুরি সেবার ঘাটতির কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়। খবর ইন্ডিয়া টুডে
কম্বোলচা টাউন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করা একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাড়া খাদে পড়ে যায়। বাসটি যে সড়ক দিয়ে চলছিল, সেটি বিপজ্জনক ও আঁকাবাঁকা পথ হিসেবে পরিচিত।
সংঘাতকবলিত ওই অঞ্চলে অবকাঠামোগত সীমাবদ্ধতা দুর্ঘটনার পর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের অভাবে উদ্ধারকাজে বড় ধরনের বিলম্ব ঘটে। ফলে সাধারণ যাত্রীবাহী যানবাহনে করে আহতদের হাসপাতালে নিতে হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসা সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে।
এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন। তবে যে পাহাড়ি মহাসড়কে বাসটি খাদে পড়ে যায়, সেটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
অবশ্য ইথিওপিয়ায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি বাস নদীতে পড়ে গেলে ৬৬ জন নিহত হয়েছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]