জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৬:০২
জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


দিল্লিতে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।


জানা গেছে, দিল্লিতে আজ থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের।


ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।


এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।


তার সফরের বিষয়টি কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করা হয়েছিল। আগাম অবহিত করার পরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনায় সোমবার দুপুরে দেশে ফিরে এসেছেন ডা. জাহেদ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com