
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের নতুন তারিখ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক দফা রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে আগামী ১৮ জুলাই পবিত্র নগরী মাশহাদে তাকে দাফন করা হবে।
শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা জুলাই মাসে শুরু হবে।
তথ্য অনুযায়ী, ১৩ ও ১৪ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোম শহরে তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
পরে ১৮ জুলাই মাশহাদ শহরে আরও এক দফা জানাজার আয়োজন করা হবে। একই দিন সেখানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আলি খামেনিকে দাফন করা হবে।
১৯৮৯ সাল থেকে ইরানের ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিন শোক ও ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরে ৪ মার্চ থেকে তিন দিনব্যাপী খামেনির বিদায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকায় আয়োজনের প্রস্তুতিতে জটিলতা দেখা দেয় এবং অনুষ্ঠান স্থগিত করা হয়।
অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করার কথা জানালেও দীর্ঘসময় এ বিষয়ে কিছু বলেনি ইরানের কর্তৃপক্ষ। এর মধ্যে খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়ার পর তিনিও বাবা আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে কিছু বলেননি।
গত ৪ জুন গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠানের পরিকল্পনা চলছে বলে জানান তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।
তিনি বলেন, ‘৩ দিনের শোকযাত্রা ও দাফন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। শোকযাত্রার মূল অনুষ্ঠান তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]