
বিএনপির রাজনীতি মানুষের জন্যে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে পুনঃখনন শুরু হলো। এর মাধ্যমে ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমি চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবে।’
বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দিতে সক্ষম হবে সরকার।
তারেক রহমান আরও বলেন, ‘প্রতিবার বাজেট দেয়া হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। কিন্তু এবার বাড়েনি। কারণ সরকার বাজেটে ৬০টি পণ্যের ওপর ট্যাক্স তুলে নিয়েছে।’
মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর সরকার ট্যাক্স বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে বাজেটে নিত্যপণ্যের ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না। তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, দেশে অশান্তি তৈরি করা।’
এর আগে কক্সবাজারে এসেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান।
গত দুদিন ধরে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও আজ সকাল থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। ভারি বর্ষণ উপেক্ষা করেও কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলি খাল খনন কর্মসূচি স্থানে মানুষ জড়ো হতে শুরু করে। বর্ষণমুখর সকাল সোয়া দশটা নাগাদ সময়ে হাজার হাজার মানুষ পাতলি খাল পাড়ে সমবেত হয়েছেন। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান।
এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান রয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]