
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি প্রাইভেট কারের সঙ্গে গ্যাস ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) গভীর রাতে প্রদেশটির চাগাই জেলার ডালবন্দিনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর জিও নিউজের
প্রাইভেট কারটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন এবং এটি প্রয়োজনের চেয়ে বেশি যাত্রী বহন করছিল বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বেশ কয়েকজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অন্যরা গুরুতর আহত হন। উদ্ধারকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের ডালবন্দিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে স্থানান্তর করেন।
চাগাইয়ের ডিএসপি আবিদ শেরজাই জানান, পাঁচজন আহত যাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং হাসপাতালের কর্মকর্তারা তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। বড় গাড়িটির চালককে আটক করেছে পুলিশ এবং দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন শিশু ছিল। ঘটনাটি আরসিডি হাইওয়ের একটি দুর্গম অংশে ঘটেছে। এই পথটি পাকিস্তান ও ইরানকে সংযুক্ত করে এবং এখানে বহুবার ঘটেছে মারাত্মক দুর্ঘটনা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে চাগাই জেলার ইয়াকমাচের কাছে একই সড়কপথে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। দুটি ডাবল-কেবিন গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]