মুন্সিগঞ্জে হত্যাকাণ্ডের ৫ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বিচার
প্রকাশ : ০৮ মে ২০২৬, ২০:৪০
মুন্সিগঞ্জে হত্যাকাণ্ডের ৫ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বিচার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের মুন্সিগঞ্জে পাঁচ বছর আগে একটি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে বিচার হয়েছে। সাজাপ্রাপ্ত ও হত্যার শিকার দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০২১ সালে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটে।


মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর বর্ণনা অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম গ্যানেট রোজারিও। আর ভুক্তভোগীর নাম মাইকেল রোজারিও। নিজের দোষ স্বীকারের পর আদালত গ্যানেটকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।


আদালতের নথির বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যানেট নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা। ২০২১ সালের জুন মাসে মুন্সিগঞ্জে তিনি শটগান দিয়ে গুলি করে নিজের চাচা মাইকেলকে হত্যা করেন। মূলত পৈত্রিক সম্পত্তি নিয়ে দুজনের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ ছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে তারা বাংলাদেশে গ্রামের বাড়ি গিয়েছিলেন।


সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই বছরের ১১ জুন গ্যানেট ধূমপান করতে ঘরের বাইরে যান। পাশেই তাঁর চাচার শোবার ঘর ছিল। বাইরে থেকে গ্যানেট শুনতে পান ঘরের ভেতরে তাঁকে নিয়ে মাইকেল আপত্তিকর মন্তব্য করছেন। এতে রেগে গিয়ে গ্যানেট নিজের ঘর থেকে একটি শটগান নিয়ে চাচার ঘরের জানালা দিয়ে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মাইকেল মারা যান। ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরের বছরের এপ্রিল মাসে তিনি নিজের চাচাকে হত্যার দায়ে অভিযুক্ত হন।


এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক ফিল্ড অফিস মামলাটি তদন্ত করে। বাংলাদেশে নিযুক্ত এফবিআই-এর লিগ্যাল অ্যাটাশে এবং বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই মামলায় সহায়তা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা এবং নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জে ক্লেটন হত্যা মামলাটির রায় ঘোষণা করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com