দোকান-শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৮:৫৭
দোকান-শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ১২ মে (মঙ্গলবার) থেকে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।


বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিওবার্তায় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


ভিডিওবার্তায় তিনি জানান, আসন্ন ঈদকে ঘিরে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার আবেদন করা হয়েছিল। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেয়া হয়েছে।


এর আগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্টি পরিস্থিতিতে গত ৬ এপ্রিল জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়।


চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের সঙ্গে গত ৪ এপ্রিল (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার বিষয়ে সব কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। এই অবস্থায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com