আওয়ামী লীগের ৫ বারের এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৬:২৬
আওয়ামী লীগের ৫ বারের এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি আওয়ামী লীগের পাঁচ বারের এমপি ছিলেন।


শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিন ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করেছেন মোসলেম উদ্দিন।


তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে ও বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com