যুদ্ধ অবসানে আগ্রহী ইরান, শেষ প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প
প্রকাশ : ০২ মে ২০২৬, ০০:৫৬
যুদ্ধ অবসানে আগ্রহী ইরান, শেষ প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পক্ষ থেকে দেয়া সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।


সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ওয়াশিংটনের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রেক্ষাপটে স্থানীয় সময় শুক্রবার (১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই, তাই দেখা যাক কী হয়।’


তবে ইরানের নতুন প্রস্তাবে ঠিক কোন বিষয়গুলো তার পছন্দ হয়নি বা কোন জায়গাটিতে তিনি আপত্তি জানিয়েছেন, তা তিনি স্পষ্ট করেননি।


একইসঙ্গে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তির দিকে এগিয়েছে, কিন্তু তিনি নিশ্চিত নন যে ‘তারা আদৌ লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা।’


পাকিস্তানে সম্ভাব্য নতুন দফা মুখোমুখি আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, পাকিস্তান এবং দেশটির নেতাদের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সম্মান’ রয়েছে, কিন্তু এই সফরটি অনেক দীর্ঘ। তিনি বলেন, এই মুহূর্তে সব আলোচনা ফোনেই হচ্ছে।


এসময় ট্রাম্প আবারও দাবি করেন যে ইরানের নেতৃত্ব ‘বিচ্ছিন্ন’। তিনি বলেন, ওখানে প্রচণ্ড মতবিরোধ রয়েছে… তারা নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে বড় সমস্যায় পড়ছে। ট্রাম্প আরও বলেন, ‘নেতৃত্ব খুবই বিভক্ত—দুই থেকে তিনটি, হয়তো চারটি গোষ্ঠী আছে… তবে এর পরও, তারা সবাই একটি চুক্তি করতে চায়।’


যদিও, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, বিশেষ করে যুদ্ধ ও আলোচনা-সংক্রান্ত বিষয়গুলোতে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রস্তাবটি পাঠানো হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।


গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রায় ৪০ দিনের যুদ্ধের পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতির আবহে ইরান ও যুক্তরাষ্ট্র এক দফা আলোচনা করেছে। এরপর থেকে আলোচনা থমকে গেছে। কারণ যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে।


অন্যদিকে ইরান যুদ্ধের শুরু থেকে কৌশলগত হরমুজ প্রণালী মূলত বন্ধ রেখেছে এবং এই জলপথ দিয়ে কেবল অল্প কিছু জাহাজকে যাতায়াতের অনুমতি দিচ্ছে।


প্রায় পাঁচ সপ্তাহের সংঘাতের পর গত মাসের ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত ১১ ও ১২ এপ্রিল নতুন করে আলোচনা হলেও ইতিবাচক কোনো ফল আসেনি। ইরান নতুন করে আলোচনায় বসতে অস্বীকৃতি জানালেও গত ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ ‘অনির্দিষ্টকালের জন্য’ বাড়ান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com